বরিশাল র্যাবের হাতে ভুয়া সাংবাদিক লিটন ধরা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে

ডেক্স প্রতিবেদক:: বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফরিদপুরের ভাঙ্গা থেকে লিটন শিকদার (৪৮) নামের এক ব্যক্তি গ্রেপ্তার করেছে। সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা লিটনের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি মামলার চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক দেবাশীষ কর্মকার সাংবাদিকদের জানান, ফরিদপুর, খুলনা ও পাবনা জেলায় চাঁদাবাজি, প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সাইবার অপরাধসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে লিটন শিকদারের বিরুদ্ধে। ফেসবুকে বিভিন্ন ব্যক্তির নামে অপপ্রচার করে ব্ল্যাকমেল এবং গ্রামের সহজ-সরল অনেক মানুষের সঙ্গে সরাসরি প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামিও তিনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে দুই ডজনের বেশি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজনের কাছে প্রতারক ও ছদ্মবেশী অপরাধী হিসেবে পরিচিত লিটন শিকদার। তিনি এলাকার মানুষকে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। নিজেকে তিনি একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আটক লিটন শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য বেলা দুইটার দিকে রাজধানী ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।’


























