ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু
ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু
- আপডেট সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন। একই রাতে জেলার নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বাসে অগ্নিসংযোগ ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. সিয়ামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ছিল বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাস। বুধবার ভোরের দিকে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় ‘বাহক’ পরিবহনের বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার মো. সিয়াম।
বাসে আগুন জ্বলতে দেখে ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বড় ধরনের প্রাণহানি এড়াতে তাঁরা আশপাশের অন্যান্য বাসে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ পরিবহনের বাসের ভেতর থেকে হেলপার মো. সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি ভান্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
একই রাতে জেলার দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তসাপেক্ষে নিশ্চিত করে আইনের আওয়াতায় এনে বিচারের দাবি করেন।






















