বরিশালে তরুণীকে সিঁদুর পরিয়ে ধর্ষণ, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ২১১ বার পড়া হয়েছে

ডেক্স প্রতিবেদক:: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সিঁথিতে সিঁদুর পড়িয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ মিলেছে। ওই কলেজছাত্রী গত দুদিন ধরে ধর্ষকের বাসা স্থানীয় বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামে অবস্থান করে আছেন। বিয়ে না করলে দিয়েছেন আত্মহত্যার হুমকি। ঘটনার পর বাড়ি থেকে উধাও অভিযুক্ত শুকদেব জয়ধর। শুকদেব উপজেলার পাকুরিতা গ্রামের হরেন জয়ধরের ছেলে।
এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী জানান, শুকদেব জয়ধরের সাথে দেড় বছর আগে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের সুযোগে শুকদেব তাকে কাছে পেয়ে একদিন ধর্ষণ করে। ধর্ষণের সুযোগ নিয়ে তাকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। বিয়ের জন্য চাপ দিলে শুকদেব আনুষ্ঠানিকভাবে বিয়ে না করে তার মাথায় সিঁথিতে সিঁদুর পড়িয়ে বিয়ে হয়ে গেছে বলে দাবি করে। বিষয়টি শুকদেবের পরিবারকে জানানোর জন্য চাপ দিয়ে আসলে সম্প্রতি শুকদেব গোপনে উজিরপুর উপজেলার কালবিলা গ্রামে বিয়ে করে।
বিয়ের পরেও গত সোমবার রাতে একা ঘরে থাকার সুযোগে ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকে ধর্ষণ করতে যায়। ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে শুকদেব পালিয়ে যায়। নির্যাতিতা বলেন- তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে।
বাকাল ইউনিয়নের স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড সদস্য নির্মল বিশ্বাস বলেন, শুকদেব পালিয়ে যাওয়ার পর সোমবার রাতেই বিয়ের দাবিতে শুকদেবের বাড়িতে অবস্থান নেয় ওই ছাত্রী। বাড়িতে অবস্থান নেয়ার পর থেকেই ধর্ষক প্রেমিক শুকদেব বাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। বর্তমানে নির্যাতিতা বিয়ের দাবিতে ধর্ষক শুকদেবের ঘরে অবস্থান করছে।
লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে নির্যাতিতার মুখে সকল কথা শুনেছি। বিষয়টি বিয়ের মাধ্যমে সমাধানের জন্য ছেলের বাবা ও তার পরিবারের লোকজনকে বলা হয়েছে। পারিবারিকভাবে বিষয়টি সমাধান না হলে মেয়েকে আইনের আশ্রয়ে যাবার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান মেম্বার।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। ছেলে-মেয়ে বিয়ে করবে বলে মেয়ের পক্ষ থেকে কোন অভিযোগ দিতে চাইছে না। যদি মেয়ের পরিবার থেকে অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


























