বাবার অস্ত্র ও টাকা চুরির মামলায় পুত্র আটক। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৫:৫২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০ ১৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: কিশোরগঞ্জের ভৈরবে বাবার অস্ত্র ও টাকা চুরির মামলায় মোখলেছুর রহমান উজ্জল নামে এক পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং বাড়ি ভৈরবের আমলাপাড়া এলাকায়।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে বাড়ির কাছে রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার কাছ থেকে বাবার লাইসেন্সধারী চুরি করা পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। তবে ঘরের রুম থেকে চুরি করা সাড়ে ৩ লাখ টাকা পুলিশ উদ্ধার করতে পারেনি। উজ্জল দীর্ঘদিন যাবত মাদকাসক্ত বলে পরিবার সূত্র জনায়।
জানা গেছে, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃত উজ্জল তার রুমে ঢুকে আলমারী ভেঙে বাবার লাইসেন্স করা একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও সাড়ে ৩ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এই ঘটনার পর তার মা হেলেনা বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করেন। এদিকে পুত্রের এই কাণ্ডে ঘটনার তিনদিন পর অসুস্থ বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উজ্জলের মামা মুক্তিযোদ্ধা সিরাজুল হক আংগুর মিয়া এই প্রতিনিধিকে জানান, মাদকাসক্ত দুই পুত্রের নানা অপরাধকাণ্ডে চিন্তিত ও অসুস্থ হয়ে তাদের বাবা মৃত্যুবরণ করল।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খাঁন বাহার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় তাকে আমলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।


























