বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতিম্যাচ
বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতিম্যাচ
- আপডেট সময় : ০২:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতিম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) স্থানীয় আনোয়ার উদ্দিন আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রীতিম্যাচে পোস্ট অফিস একাদশ ও ধুমচর বয়লাখালী ব্রাদার্স একাদশ মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময়ে কোনো দল জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে জয় পেয়ে ট্রফি নিজেদের করে নেয় ধুমচর বয়লাখালী ব্রাদার্স একাদশ।
ম্যাচকে ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। খেলোয়াড়দের নৈপুণ্য ও টানটান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদল ও যুবসমাজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রীতিম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট তবিবুর রহমান স্বপন এবং ৪ নম্বর চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. শাহিন হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জজ কোর্টের অতিরিক্ত পিপি ও বরিশাল মহানগর বিএনপির নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ৪ নম্বর ওয়ার্ড চাঁদপাশা বিএনপির সভাপতি মো. জসিম হাওলাদার। আয়োজনে সহযোগিতা করেন হাফিজ ইব্রাহিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।























