এসআই আকবরের দেশত্যাগ রোধে সীমান্তে সতর্কতা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ২২১ বার পড়া হয়েছে

ডেক্স প্রতিবেদক:: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এসআই আকবারের দেশত্যাগে নিষেধাজ্ঞায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন সীমান্তে কর্তব্যরত পুলিশ ও বিজিবি কর্মকর্তারা।
এই প্রসঙ্গে বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, এসআই আকবরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে বেনাপোল ইমিগ্রেশনে একটি চিঠি এসেছে। কোনো কৌশল অবলম্বন করে তিনি যেন ভারত পালাতে না পারেন, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, তারা সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক থেকে কাজ করছেন।
জানা গেছে, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিকেলসহ কয়েক ধরনের ভিসায় বাংলাদেশিরা ভারত প্রবেশ করছেন এবং ভারতে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরছেন।
উল্লেখ্য, গেল শনিবার মধ্যরাতে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া রায়হান নামে এক যুবককে তুলে নিয়ে চাঁদার দাবিতে নির্যাতন করেন বলে অভিযোগ করে তার পরিবার। পরের দিন সকালে তিনি মারা যান।
এদিকে নির্যাতনের সময় এক পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে কল করে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়িতে পরে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ মর্গে দেখতে পায়।


























