ঝালকাঠিতে জমকালো আয়োজনে আসছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল -২০২৬
- আপডেট সময় : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই শৃঙ্খলা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। আগামী ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেলাজুড়ে চলবে এই ফুটবল উন্মাদনা।
এই মেগা টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ১১ জুন (বৃহস্পতিবার) ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের মিটিং রুমে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের টুর্নামেন্টকে ঘিরে ঝালকাঠির ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে বেশ কিছু চমক ও বিশেষ নিয়ম থাকছে:
টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেবে। যার মধ্যে রয়েছে ঝালকাঠির ৪টি উপজেলা এবং ২টি পৌরসভা।
টুর্নামেন্টে সর্বমোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফাইনালসহ ৪টি জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হবে জেলা পৌর মিনি স্টেডিয়ামে। বাকি ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে অন্য তিনটি উপজেলায়।
এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হলো খেলোয়াড় কোটা। প্রতি দলে ৫ জন স্থানীয় খেলোয়াড়ের পাশাপাশি ৬ জন বাইরের খেলোয়াড় অংশ নিতে পারবেন। এই বহিরাগত কোটায় অন্য জেলার খেলোয়াড়সহ বিদেশি ফুটবলাররাও খেলার সুযোগ পাবেন। এর ফলে স্থানীয় তরুণরা অভিজ্ঞ ও পেশাদার খেলোয়াড়দের সাথে খেলে নিজেদের দক্ষতা বৃদ্ধির দারুণ সুযোগ পাবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার:
চ্যাম্পিয়ন প্রাইজমানি: ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ও ট্রফি।রানার্স-আপ প্রাইজমানি: ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ও ট্রফি।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌহিদুল ইসলাম এবং জেলার ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে ঐক্য, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এই আয়োজন ঝালকাঠির ক্রীড়াঙ্গনে এক নতুন প্রাণের সঞ্চার করবে।
‘এসো মাঠে ফিরি, ফুটবলের আনন্দে ঝালকাঠিকে মাতাই’—এই আহ্বানে ঝালকাঠির সকল ক্রীড়াপ্রেমী দর্শক, তরুণ সমাজ ও পৌরবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।


















