বরিশাল লকডাউন বাস্তবায়নে শহরের মোড়ে মোড়ে বসেছে পুলিশ চেকপোস্ট।
- আপডেট সময় : ০৯:৫৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ ৮৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স :: মারণঘাতী করোনাভাইরাসের সংক্রামণ রোধে সরকারের ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শহরমুখী মানুষদের রোখাসহ অকারণে যানবাহন নিয়ে বের হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। যৌক্তিক কারণ ব্যতিত কাউকে ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে মাঠপুলিশ। লকডাউন বাস্তবায়নে শহরের মোড়ে মোড়ে বসেছে পুলিশ চেকপোস্ট।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে বিধিনিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, সরকারের এই নির্দেশনা এবং লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ পুলিশপ্রধানের কঠোর হওয়ার সিদ্ধান্ত আমলে নিয়েছেন বরিশাল মেট্রোপলিটন কমিশনার মো. শাহাবুদ্দিন খান। তার নির্দেশনার আলোকে অন্তত এই সাতদিন বরিশাল মেট্রোপলিটন এলাকায় মাঠপুলিশ কঠোর অবস্থানে থাকবে। এবং জনসমাগম রোধসহ অযথা মানুষের ঘোরাঘুরি বন্ধে কঠোর ভুমিকা রাখবে।
সূত্রটি জানায়, লকডাউন বাস্তবায়নে মেট্রোপলিটন আওতাধীন এলাকার প্রবেশদ্বারগুলো একটি করে চেকপোস্ট বসানো হয়েছে, যাতে করে কোনো গণপরিবহন যাত্রী নিতে না পারে। এছাড়া অযথা ঘোরাঘুরি রোধে শহরের অভ্যন্তরে অন্তত ৫০টির বেশি চেকপোস্ট আছে।
এর বাইরে সেনাবাহিনী ও র্যাবের একাধিক টিমও লকডাউন বাস্তবায়নে মাঠে আছে, তাদের টহলও দিতে দেখা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, সরকারি নির্দেশনা পালনে যে সিদ্ধান্ত এসেছে পুলিশ তা কঠোর ভাবে পালন করছে। আগামী সাত শহরে অযথা ঘোরাঘুরি এবং জনসমাগম রোধে মাঠপুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, এই একই নির্দেশনা দুদিন আগেও মাঠপুলিশকে দিয়েছেন। কমিশনারের নির্দেশনার আলোকে পুলিশ কঠোর ভুমিকা রাখছে মাঠে।’























