বরিশালে করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে ভোগান্তিতে রোগীরা।
- আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ৮০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স :: করোনা সংক্রমণের হার গত সাতদিনে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। শনাক্ত হওয়া রোগীর অর্ধেকেরও বেশি নগরীর বাসিন্দা। পাশাপাশি বিভাগের অন্যান্য জেলাতেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। হঠাৎ করে করোনা রোগীর চাঁপ বৃদ্ধি পাওয়ায় নমুনা পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যেও পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বরিশাল শেবাচিম হাসপাতালের একটি মাত্র পিসিআর ল্যাব থাকায় সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করার কারনে ফলাফল পেতে দেরি হচ্ছে। বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহসভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম অভিযোগ করেন, তিনি ও তার স্ত্রী তাহমিনা চৌধুরী গত ২৩ জুন বরিশাল সদর হাসপাতালে পরীক্ষার জন্য করোনার নমুনা দিয়েছেন। মঙ্গলবার পর্যন্ত তারা পরীক্ষার ফলাফল পাননি।
অভিযোগের ব্যাপারে সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কেউ কথা বলতে রাজি হননি। আমিনুল ইসলামের মতো আরও অনেকেই এ অভিযোগ করেছেন।
যেকারণে মঙ্গলবার সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, নমুনা দেওয়া অনেকেই রিপোর্ট না পেয়ে হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছেন।
সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আনোয়ার হোসাইন বলেন, এ হাসপাতালে নমুনা সংগ্রহের তিনদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নিয়ম রয়েছে। তবে এখন কেন দেরী হচ্ছে তা তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চলমান একমাত্র পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় নগরীর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা থেকে সংগৃহিত নমুনার কিছু সংখ্যক ঢাকায় পাঠানো হয়। এতে রিপোর্ট পেতে দেরি হতে পারে।’’























