জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে পুলিশ কর্মকর্তা নিহত।
- আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ ১২২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স::পারিবারিক জমাজমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন মিয়া (৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া-বাতাসি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি মাগুরা জেলার পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে জসিমউদ্দিন মিয়ার সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ছেলে সালাউদ্দিন মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে গ্রামবাসী ও আত্মীয়স্বজন সালিস বৈঠক করেও দ্বন্দ্ব মেটাতে পারেনি। রোববার বিকালে সালাউদ্দিন ছুটিতে বাড়ি আসার পর সোমবার দুপুরে জমি নিয়ে ছোট ভাই জসিম উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় অন্য ভাই গিয়াসদ্দিন ও তাদের বাবা মান্নান মিয়া থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে জসিমউদ্দিন লাঠি দিয়ে সালাউদ্দিনের মাথায় আঘাত করেন।
এসময় গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বে খুন হয়েছেন সালাউদ্দিন। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


























