ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু
- আপডেট সময় : ০২:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালন শেষে শারীরিক অসুস্থতা অনুভব করায় পুলিশ লাইনে অবস্থান করেন।
পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।




















