পিরোজপুরে ঘুষের টাকাসহ অডিট দুই কর্মকর্তাকে দুদকের হাতে আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: পিরোজপুরে ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর এলজিইডি ভবনের তৃতীয় তলা থেকে ঘুষের ৪ লাখ ১৬ হাজার টাকাসহ তাদের আটক করে। দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল তাদের আটক করে।
আটক মো. জহির রায়হান শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের এসএএস সুপারিনটেডেন্ট ও মো. শামীম হোসেন অডিট অ্যান্ড একাউন্টস অফিসার।
দুদকের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদক এলজিইডি ভবনের গেস্ট হাউজের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে ঘুষের টাকাসহ আটক করা হয়। এ সময় ওই গেস্ট হাউজের কক্ষে থাকা তাদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও বিছানার নিচে রাখা ৪ লাখ ১৬ হাজার টাকা জব্দ করা হয়। পিরোজপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস থেকে তারা এ ঘুষ নিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার ৭টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআইসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তরে গত অর্থ বছরের ব্যয়কৃত হিসাবের অডিট করার জন্য ওই দুই কর্মকর্তা গত রোববার (২০ ডিসেম্বর) পিরোজপুরে আসেন। তারা সোমবার জেলার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলার তিনটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অডিটের কাজ শুরু করেন।


























