মা-মেয়েকে রশি বেঁধে নির্যাতন, সেই চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন।
- আপডেট সময় : ০৫:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০ ১৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
কক্সবাজারের চকরিয়া উপজেলায় গরু চুরির অপবাদে রশি দিয়ে বেঁধে মা-মেয়েকে নির্যাতনকারী হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরানুল ইসলামকে বাঁচাতে মানববন্ধন করেছে তার লোকজন। শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বন্ধ করে হারবাং স্টেশনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনের কারণে ঘণ্টাব্যাপী সড়ক বন্ধ থাকায় যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন চট্টগ্রাম ও কক্সবাজারগামী যাত্রীরা।
চট্টগ্রামের খুলসির বাসিন্দা আবদুল্লাহ সাঈদ নামের এক পর্যটক বলেন, পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় বন্ধের দিনে স্ত্রী-সন্তানকে নিয়ে কক্সবাজার যাচ্ছিলাম। কিন্তু হারবাংয়ে ঘণ্টাব্যাপী আটকে যাওয়ায় আমাদের ভোগান্তি পোহাতে হয়েছে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের কাছে জানতে চাইলে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে গরু চুরির অপবাদ দিয়ে মা, মেয়ে ও ছেলেসহ পাঁচজনকে রশি দিয়ে বেঁধে মারধর করে হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকার কিছু দুর্বৃত্ত।
পরে তাদের রাস্তায় ঘুরিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে দ্বিতীয় দফায় পেটায় চেয়ারম্যান মিরানুল ইসলাম। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে নির্যাতনের শিকার পারভীন বেগম বাদী হয়ে চেয়ারম্যানকে প্রধান আসামি করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চেযারম্যানসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।


























