মাদারীপুরে আওয়ামীলীগ নেতাকে পুঁতা ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করলেন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০ ৩৯২ বার পড়া হয়েছে

রিপোটঃ মোঃ রাজু আহমেমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার সৈয়দারবালী এলাকার নিজ বাড়িতে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারিবারিক কলহের জের ধরে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে (৪৮) তাঁর স্ত্রী মিলি আক্তার পুঁতা ও রড দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভোরে পুঁতা দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত করেন স্ত্রী মিলি। পরে রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। সকালে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের অন্যান্য সদস্যরা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইলিয়াস আহম্মেদের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী-সন্তান কাউকে পাওয়া যায়নি।
ইলিয়াস আহম্মেদের মামা মো. শহীদ বলেন, এটা পারিবারিক ঘটনা, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। ইলিয়াসের স্ত্রীর বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর তিনি বাড়ি থেকে চলে যান।
মাদারীপুর সদর হাসপাতালের ডাক্তার অখিল সরকার বলেন, সকালে গুরুতর আঘাত নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ইলিয়াস আহম্মেদ। তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম বলেন, পারিবারিক কলহের থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস আহম্মেদকে ঢাকায় পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তার পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে ।


























