হাসপাতালের করোনা ইউনিটে চুরি গ্রেফতার ৩। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১২:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০ ১১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের অক্সিজেন সিলিন্ডার থেকে মিটার চুরি করে বেসরকারি ক্লিনিকে বিক্রির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) ওই পরিচ্ছন্নতাকর্মীরা দুটি অক্সিজেন সিলিন্ডার থেকে মিটার চুরি করে শহরের শান্ত পলি ক্লিনিকের ম্যানেজারের কাছে বিক্রি করে দেন। পরে রাতেই পুলিশ মিটারসহ ৩ জনকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল থেকে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ব্যবহৃত দুটি অক্সিজেন সিলিন্ডারের মিটার খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বিষয়টি হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল থানায় জানালে পুলিশ তদন্ত শুরু করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী হীরা লাল জানান, তিনি মিটার দুটি ১৩ হাজার টাকায় শহরের কাটনারপাড়া এলাকার সেবা পলি ক্লিনিকে বিক্রি করে দিয়েছেন।
পরে এদিন রাতেই ওই ক্লিনিক থেকে চুরি যাওয়া মিটার দুটি উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ক্লিনিকের ম্যানেজার ফেরদৌস আলম ও কর্মচারি ঠান্ডু মিয়াকে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, এই ঘটনায় হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল থানায় মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে মামলার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


























