মাদারীপুর হতে লিবিয়ায় মানব পাচার চক্রের সাথে সংশ্লিষ্ট ০১ জন সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ১১১ বার পড়া হয়েছে

র্যাব-৮ কর্তৃক মাদারীপুর হতে লিবিয়ায় মানব পাচার চক্রের সাথে সংশ্লিষ্ট ০১ জন সদস্য গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ জানতে পারে যে, দীর্ঘদিন যাবৎ একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে মানব পাচার করছে। উক্ত চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইতালিতে সমভাবে সক্রিয়। এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। বর্ণিত চক্রটি বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে যুবকদের লিবিয়ায় পাচার করে থাকে। তৎপরবর্তীতে লিবিয়ায় অবস্থানরত চক্রের সদস্যরা লিবিয়ার বন্দিশালায় তাদেরকে আটক রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এবং উক্ত বন্দীদের নিকটাত্মীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। টাকা প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে লিবিয়া হতে নৌকাযোগে অবৈধ পন্থায় ইতালিতে গমনের সুযোগ করে দেয়া হয়। ক্ষেত্র বিশেষে বন্দীপ্রতি উক্ত চক্রটি পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করে বলে র্যাব জানতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি চৌকষ দল কর্তৃক অদ্য ১০ জুন ২০২০ তারিখ রাত্র ২৩.৪৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন হবিগঞ্জ গ্রাম এলাকা হতে ইমাম হোসেন শেখ(৩৫), পিতাঃ মৃত সামাদ শেখ, সাং-পাঠানকান্দি, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন এবং প্রাপ্ত গোপন তথ্য সমূহের সত্যতা পাওয়া যায়। ধৃত আসামী ইমাম হোসেন শেখ(৩৫) এর ভাই আমির হোসেন দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থান করছে এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে। লিবিয়া প্রবাসী আমির হোসেন তার ভাই আটককৃত ইমাম হোসেন শেখ(৩৫) এর মাধ্যমে বাংলাদেশে যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার রাজৈর থানার মামলা নং-০৪, তারিখ ০৩-০৬-২০ইং, ধারাঃ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৭/৮/১০(১) তৎসহ ৩০২/৩৪ দঃ বিঃ ১৮৬০ এবং ডিএমপি পল্টন থানার মামলা নং-০১, তারিখ ০৩-০৬-২০ইং, ধারাঃ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৭/৮/১০(১) তৎসহ ৩০২/৩২৬/৩৪ দঃ বিঃ ১৮৬০ মামলা রেেয়ছে। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিককালে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর গভীর নজরদারী রাখা এবং প্রাপ্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মানব পাচার চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেফতারে র্যাব-৮ এর অপারেশন তৎপরতা অব্যাহত রয়েছে।


























