প্রশ্নপত্র ফাঁসে প্রতারণা ও গুজব চক্রের ৪ জনকে আটক । আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৮:৩৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ১২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযানে প্রশ্নপত্র ফাঁসে প্রতারণা ও গুজব চক্রের ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে র্যাব হেডকোয়াটার্স থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- রামপুরার আল মাহমুদ (১৮), গাজীপুরের আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনার সাইমন ইসলাম (২০) ও শাকিল মাহমুদ (২০)।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, রোববার সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কামরুজ্জামান বলেন, আটকরা কোনো প্রশ্ন ফাঁস করতে না পারলেও বিভিন্ন মেসেঞ্জার, ভাইবার এবং ইমু গ্রুপে প্রশ্নফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। একেকজন দেড় থেকে ২ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার তথ্য রয়েছে।
তিনি বলেন, অভিযানে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে তাদের সঙ্গে জড়িত বাকিদেরও আটক অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























