আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বরিশাল অচিরেই সিঙ্গাপুর হবে
- আপডেট সময় : ১২:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ ৩১৪ বার পড়া হয়েছে

আরিফ আহমেদ মুন্না>> পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, এদেশে দুর্নীতি, লুটপাট, হত্যা, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল বিএনপি। আর আওয়ামী লীগ দেশে উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে তৃণমূলে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে। বিভেদ ভুলে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বরিশাল অচিরেই সিঙ্গাপুর হবে। বৃহস্পতিবার বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও জেলা সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতির সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ইতিহাসবিদ সিরাজ উদদীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক এস.এম খালেদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান মিলন, অ্যাডভোকেট সামসুজ্জামান সোহেল, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব প্রমুখ।

















