ধানসিড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঝন্টুর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা
ধানসিড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঝন্টুর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা
- আপডেট সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম জহির উদ্দিন কবির ঝন্টুর সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ছাত্রকান্দা, চর, বাটারাকান্দা, সাচিলাপুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় মোটরসাইকেল নিয়ে প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা ঝন্টুর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে তাঁর পক্ষে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পথে বিভিন্ন স্থানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী ও তাঁর সমর্থকেরা।
শোভাযাত্রা শেষে বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী এস এম জহির উদ্দিন কবির ঝন্টু বলেন, ২০১৬ সালে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে সে সময় প্রত্যাশিত ফল পাননি। ওই নির্বাচনে জোরপূর্বক নৌকা প্রতীকের প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সে সময় তিনি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন।
তিনি আরও বলেন, এবার ধানসিড়ি ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমর্থন ও সাড়া দেখতে পাচ্ছেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ঝন্টু বলেন, এলাকার মানুষের পাশে থেকে কাজ করা এবং তাঁদের প্রত্যাশা পূরণ করাই তাঁর মূল লক্ষ্য। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গিয়াস খান, মো. বেলাল হাওলাদার মাস্টার, মো. মাহবুব হোসেন, মো. দেলোয়ার হাওলাদার ও মো. রবিউল হাওলাদার। এছাড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাওলা কবির মনিব, সদস্য মেহেদী হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রাকে ঘিরে ধানসিড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

























