ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন
ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন
- আপডেট সময় : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ঝালকাঠি জেলা জামায়াতের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমীরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এ সময় বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে ফখরুদ্দীন খান রাযিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে দাওয়াতি কার্যক্রমকে অধিক গুরুত্ব দিয়ে পরিচালনার আহ্বান জানান।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সামাজিক ও সুসংগঠিত ইসলামী আন্দোলন। ২০২৭-২৮ সেশনে ঝালকাঠি জেলায় দ্বীনের দাওয়াত বিস্তার, মানবসেবা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি জেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও ঝালকাঠিবাসীর সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা নবনির্বাচিত আমীরকে অভিনন্দন জানান। তাঁরা তাঁর নেতৃত্বে ঝালকাঠি জেলায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




















