উপসর্গ গোপন করে টিকা গ্রহণ, চার ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু।
- আপডেট সময় : ১২:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১ ৭৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
দেশে গণহারে টিকাদান শুরু হয়েছে আরও আগেই। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও দ্রুতই তা শুরু হয়। কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ থাকলে টিকা নেওয়ার আগে তার নমুনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ। বলা হয়েছিলো আক্রান্ত বা সদ্য করোনামুক্ত হয়েছেন এমন কেউ টিকা নিলে সুরক্ষা পাবেন না, টিকাও কাজ করবে না।
সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চার ঘণ্টা ব্যবধানে তার স্ত্রীরও মৃত্যু হয়ে। স্বামীর জানাজার প্রাক্কালে স্ত্রীর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের ছামির আলী (৭৫) ও তার পরিবারের সদস্যরা গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা না করেই স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ কিনে সেবন করছিলেন তারা। করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে জ্বর নিয়েই সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নেন তারা।
গত মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুর ১টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান ছামির আলী। বিকেল সাড়ে ৫ টায় তার জানাজার নামাজের প্রস্তুতি চলাকালীন স্ত্রী আনোয়ারা বেগমের (৬৫) মৃত্যুর খবর আসে। পরে গ্রামের মসজিদে জানাজা শেষে ছামির আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তকে দাফনের পর রাতে জানাজা শেষে স্ত্রী আনোয়ার বেগমকেও দাফন করা হয়।
মারা যাওয়া দম্পতির চার ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তাদের মধ্যে তিন ছেলে যুক্তরাজ্যে বসবাস করছেন। বাড়িতে থাকা অন্য সদস্যরাও করোনা উপসর্গে ভুগছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, ‘পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

























