আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ
- আপডেট সময় : ০২:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাস। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে যৌথভাবে এ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা তাতী দলের সভাপতি বাচ্চু হাসান খান, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার শহিদুল্লাহ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা সাইদুল রহমান এবং জাসাসের সভাপতি মো. মনির হোসেন।
বক্তারা বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে অন্য রাজনৈতিক দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। ঝালকাঠিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
জেলা তাতী দলের সভাপতি বাচ্চু হাসান খান বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দোসরদের সঙ্গে আঁতাতের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যাতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেদিকে সবাই নজর রাখবেন। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নির্দেশনায় দলীও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবেন। সরকারের উন্নয়নমূলক কাজে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।
সমাবেশে জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















