পরিচয়পত্র দেখাতে হবে জরুরি সেবায় কর্মরতদের।
- আপডেট সময় : ১০:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ১০৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: করোনাভাইরাস মহামারি রোধে ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময়ে জরুরি পরিষেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে পরিষেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন করে যাতায়াত করতে হবে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কঠোর লকডাউন নিশ্চিত করতে ২১টি নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, জরুরি পরিষেবা যেমন,আইনশৃঙ্খলা, কৃষিপণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবেন।
কঠোর লকডাউনে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন। কারণ ছাড়া বের হলেই তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধি নিষেধ প্রতিপালনে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর থাকবে। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্যরো মাঠে দায়িত্ব পালন করবে। এসময় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
লকডাউনে অভ্যন্তরীণ বিমানসহ সড়ক, রেল, নৌপথের সকল গণপরিবহন বন্ধ থাকবে। এমনকি সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে। অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকলেও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।
তাছাড়া, পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ডভ্যান, কার্গো ভেসেল নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমুহ বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল রেস্তোঁরা ছাড়া দোকান পাট, শপিংমলসহ মার্কেট বন্ধ থাকবে।
এতে বলা হয়, শপিংমল, মার্কেটসহ দোকান পাট বন্ধ থাকবে। তবে খাবারের দোকান, হোটেল রেস্তোঁরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত (অনলাইনে) খাবার বিক্রয় করতে পারবে। তবে সেখানে বসে খেতে পারবে না কেউ।























