জীবননগরে মাদক বিরোধী সমাবেশে১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
জীবননগরে মাদক বিরোধী সমাবেশে১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
- আপডেট সময় : ০৬:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুলিশ সুপারের হাতে ফুল দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে ১৫ জন মাদকসংশ্লিষ্ট ব্যক্তি আত্মসমর্পণ করেছেন।
সোমবার বিকাল ৫টার সময় জীবননগর থানা পুলিশের উদ্যোগে গোয়ালপাড়া গ্রামে এ মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এসময় তিনি বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ শুধু আইন প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়, জনসচেতনতা সৃষ্টি এবং বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও কাজ করছে। যারা স্বেচ্ছায় মাদক ছেড়ে আত্মসমর্পণ করবেন, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার ওসমান গনি, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল ও সাংগঠনিক সম্পাদক মো. আয়ুব আলী বিশ্বাস।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও কুফল তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে জীবননগর থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ১৫ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবি পুলিশ সুপারের হাতে ফুল দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে মাদকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়।
























