গলাচিপায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের অকাল মৃত্যু
- আপডেট সময় : ১১:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের শিকার হয়ে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আমখোলা ও চরকাজল ইউনিয়নে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে বজ্রাঘাতে রিয়াজ হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হন। তিনি ওই গ্রামের খলিল হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় রিয়াজ নিজের বাড়ির উঠানে কাজ করছিলেন।
এদিকে প্রায় একই সময়ে, চরকাজল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকাজল এলাকার বাসিন্দা আলতাফ হোসেন সরদার (৫০) বজ্রপাতে প্রাণ হারান। তিনিও পেশায় একজন কৃষক ছিলেন এবং ঘটনার সময় মাঠে কাজ করছিলেন বলে জানা গেছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমখোলা ও চরকাজল এলাকায় বজ্রপাতে আহত দুই কৃষককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান। মরদেহগুলো থানায় আনার পর পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


















