সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাই মো. আব্দুল জলিলকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শহিদের (৬৬) বিরুদ্ধে। এ ঘটনায় শহিদকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই শহিদ তাঁকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালি হয়। একপর্যায়ে শহিদ ছোট ভাই জলিলের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধে জলিলের মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত শহিদ সম্পর্কে আপন ভাই। তাঁরা দুজনই মৃত মনু মিয়ার ছেলে। উভয়ের বাড়ি লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























