জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই
- আপডেট সময় : ০৮:৫৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার সুযোগ চালু রেখেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে না গিয়েই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ ঋণের আবেদন, অর্থ গ্রহণ ও কিস্তি পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করে গত ৯ নভেম্বর জারি করা সার্কুলারে এ সুবিধার কথা জানানো হয়েছে। স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
এ স্কিমে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস এবং গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ।
প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের এ ঋণে অগ্রাধিকার দেওয়া হবে।
তফসিলি ব্যাংকের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, এমএফএস ও ই-ওয়ালেট ব্যবহার করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের আশা, এ উদ্যোগের ফলে প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে নতুন সুযোগ তৈরি হবে।























