ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরে গুলিতে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় সন্দেহভাজন আসামি তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালতে পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে পুলিশ।
২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর এজাহারভুক্ত আসামিসহ ৫০০-৭০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। তারা বিভিন্ন দিক থেকে গুলি ছোড়ে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এই মামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন শেখ মামুন খালেদ। তার বিরুদ্ধে আন্দোলন দমনে সরাসরি ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।























