বাবুগঞ্জে রাইসা মনি হত্যা: আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ -মানববন্ধন
- আপডেট সময় : ১১:০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আলোচিত রাইসা মনি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টায় উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই ধারে শতাধিক যানবাহন আটকা পড়ে, ফলে সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি তোলেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নিহত রাইসা মনির বাবা নজরুল ইসলাম হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, শিশু রাইসা মনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় উপস্থিত এলাকাবাসী বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে করে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জনগণের মধ্যে আস্থা ফিরে আসে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।























