পদ্মা সেতু ৫ হাজার টন ধাক্কা সামলাতে সক্ষম।
- আপডেট সময় : ০৯:৩৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ১২৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ক্রাইম ডেস্ক: মুন্সীগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা মেরেছে বিআইডব্লিউটিসির রো রো শাহজালাল ফেরি।
এতে পিলারটির মূল কাঠামোর বেশ কিছু অংশ ভেঙে গেছে। তবে এ আঘাতকে সামান্য বলে মনে করছেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
তিনি বলেন, পদ্মা সেতু যেভাবে তৈরি করা হয়েছে তাতে ৫ হাজার টন ওজনের ফেরির ধাক্কা সামলানোর মতো সক্ষমতা রয়েছে সেতুটির।
এ ঘটনায় ফেরির চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি। শুক্রবার তিনি এ তথ্য জানান।
শফিকুল ইসলাম বলেন, শুক্রবার যে শাহজালাল ফেরি পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে সেটির ওজন ৫০০ টনের মতো হবে। এটি ছোট একটি ফেরি।
এর ধাক্কায় পদ্মা সেতুর পিলারের যে ক্ষতি হয়েছে তা খুবই সামান্য। তবে আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ করে আমরা এ বিষয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। তারা যেন দক্ষ চালক দিয়ে এবং আরও সতর্ক হয়ে ফেরি চালায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
তিনি বলেন, এটা কোনো ব্যাপার না। ধাক্কা লাগতে পারে এমন চিন্তা তো আমাদের ছিল, যেহেতু বড় নদীর মধ্যে বড় জাহাজ যাবে। সেই প্রভিশন আছে, ধাক্কা লাগতে পারে।
কী মাত্রায় ক্ষতি হয়েছে- জানতে চাইলে এই মেগা প্রকল্পের পরিচালক বলেন, ‘যেটুকু আঘাত লেগেছে, এটা নিয়ে আমরা চিন্তিত না। তবে এসব ঘটনা যাতে রিপিট না হয়, সে ব্যাপারে আমরা কাজ করছি।’
এদিকে পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি এমভি শাহজালালের সংঘর্ষের বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এসএম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে আরও আছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক মো. শাহজাহান, বিআইডব্লিটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী ও এজিএম (প্রকৌশল) রুবেলুজ্জামান।
এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি। ‘সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায়’ তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে ওই রো রো ফেরির ২০ যাত্রী আহত হন। তারপরই বিআইডব্লিউটিসি এক আদেশে আবদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয় ‘শাহজালাল’।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এনে বড় ধরনের বিপর্যয় ছাড়াই শিমুলিয়া ঘাটে ফেরিটি নোঙর করা হয়।

























