কঠোর লকডাউনের তৃতীয় দিনে বাবুগঞ্জে ১৭৩৫০ টাকা জরিমানা ও মাস্ক বিতরণ।
- আপডেট সময় : ১০:১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি ঃ বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় বাবুগঞ্জে করোনা ভাইরাস মহামারী চলাকালীন লকডাউন বাস্তবায়ন, স্বাস্থ্য বিধি পরিপালন ও মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্টে ১৭৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দিনব্যাপী বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ও দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম এর আদালতে মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে চায়ের দোকান খোলা রেখে জনসমাগম সৃজন করা ও রাস্তায় মাস্ক পরিধান ব্যতিরেকে চলাফেরা এবং সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০, অনুযায়ী ১২ ব্যক্তিকে ১৭৩৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
একইসাথে মোবাইল কোর্ট চলাকালীন বিভিন্ন বাজার মনিটরিং করা হয় ও ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতকৃত মাস্ক হস্তান্তর করা হয়। এ সময় করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী চলাকালীন বারবার সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।
মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতায় বাবুগঞ্জ থানা পুলিশের এস. আই মোঃ মাহতাব হোসেনসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমীনুল ইসলাম জানান যে, জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের আইনানুগ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।























