কোনো যড়যন্ত্র আওয়ামী লীগকে জনগণ থেকে দূরে রাখতে পারবে না: কাদের।
- আপডেট সময় : ০৬:৪৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৭৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের সঙ্গে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো যড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না।
বুধবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের আরও বলেন, আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।
তিনি বলেন, দেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে আওয়ামী লীগ সরকার।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানানো শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপরই দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।























