মধ্যরাতে নিজের শরীরে আগুন দিলেন সংবাদ উপস্থাপিকা।
- আপডেট সময় : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১ ৯৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মধ্যরাতে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক সংবাদ উপস্থাপিকা। আগুনে দগ্ধ হওয়া ওই নারীর নাম মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (৬ জুন) রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, মাহমুদার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে।
জানা যায়, মাহমুদা সিহাবুম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপিকা ছিলেন। তার স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে তিনি শরীরে আগুন ধরিয়ে দেন। পরে তার স্বামী ইরফান হাইয়ুম তাকে হাসপাতালে নিয়ে আসেন। ইরফান হাইয়ুমও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত আছেন বলে জানা গেছে।
এদিকে, মাহমুদা সিহাবুম এর দগ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। এ সময় মাহমুদার মা সালমা বেগম সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ২০ দিন ধরে মেয়ের কোনো নিখোঁজ পাইনি। রাতে তার দগ্ধ হওয়ার সংবাদ পাই।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন বলেন, ‘এক রোগীকে ভর্তি নিয়ে ঝামেলা হচ্ছিল শুনে সেখানে গিয়েছি। পরে সব মিটে যাওয়ায় চলে এসেছি।’























