বানারীপাড়ায় মা-মেয়ের করোনা শনাক্তের পরে দুই বাড়ির ১৬ ঘর লকডাউন ১১ জনের নমুনা সংগ্রহ।
- আপডেট সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ৩৫৮ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি
ইউনিয়নের মধুরভিটা গ্রামে মা ও মেয়ের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্তের পরে
দুই বাড়ির ১৬ ঘর লকডাউন করা হয়েছে । এছাড়া বুধবার করোনা আক্রান্ত ওই
পরিবারের ১১ জন সদস্যের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে
পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে করোনাআক্রান্ত মা-মেয়েকে উন্নত চিকিৎসার
জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর পাশাপাশি তাদের বাড়ির ১৫টি ঘর ও
পল্লী চিকিৎসক মনির হোসেনের ঘর লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত ওই মেয়ে
স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কিবরিয়ার কাছ থেকে প্রথমে
চিকিৎসা নিয়ে স্থানীয় শেরে বাংলা বাজারে ওই পল্লী চিৎিসকের মাধ্যমে
ইনজেকশন নিয়েছিলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. গোপাল শীল জানান
করোনা আক্রান্ত ওই পরিবারের ১১ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। কীট না
থাকায় ওই পল্লী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি তবে দু’একদিনের
মধ্যে করা হবে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা.কবির হাসান জানান গত ১৭ এপ্রিল শুক্রবার উপজেলার উদয়কাঠি
ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুণী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮ এপ্রিল ওই তরুনী রোগী ও তার
সঙ্গে থাকা তার মায়ের(৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে
পাঠানো হয়। সেখানে পরীক্ষায় ২১এপ্রিল মঙ্গলবার দুপুরে ওই মা ও মেয়ের
করোনা পজেটিভ আসে। এদিকে ২০ এপ্রিল তারা হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে
চলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান করোনা
আক্রান্ত ওই দুই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে
পাঠানোর পাশাপাশি তাদের ও পল্লী চিকিৎসকের বাড়ির ১৬টি ঘর লকডাউন করা
হয়েছে। উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জানান
আক্রান্তরা মধুরভিটা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ও কন্যা। ওই মেয়েটি
(১৬) চলতি বছর স্থানীয় ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি
পরীক্ষায় অংশ নিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান খলিলুর
রহমানের ছেলে বালুর জাহাজের শ্রমিক গাফ্ফার(২০) সম্প্রতি নারায়নগঞ্জ থেকে
বাড়িতে এসে তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা
চালায়। প্রসঙ্গত মা-মেয়ে এ দু’জনই বানারীপাড়া উপজেলায় প্রাণঘাতি নভেল
করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী। এ খবরে গোটা উপজেলা জুড়ে জনমনে
“করোনা’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ###






















