বরিশাল নিজ হেফাজতে ইয়াবা রেখে বিক্রির মামলায় কাউন্সিলর কারাদণ্ড। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৪:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধি
নিজ হেফাজতে ইয়াবা রেখে বিক্রির মামলায় বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম বাবুল খানকে সাত মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আমলী আদালতের বিচারক মোঃ ইফতেখার আহমেদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বাবুল খান গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ মহল্লার মৃত আব্দুল মকিত খানের পুত্র।
আদালতে মামলার সূত্রে জানাগেছে, ২০১৭ সালের ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই মোঃ শামছুউদ্দিন কাছেমাবাদ লালপোল সংলগ্ন হারুন শিকদারের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর থেকে বাবুল খানকে আটক করে। এ সময় তার দেহতল্লাশী করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন এসআই শামছুউদ্দিন বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ২০ সেপ্টেম্বর এসআই মোশারেফ হোসেন খান আসামি বাবুল খানকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। মামলার তিনজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।


























