ঝালকাঠিতে বিজয়ী প্রার্থীর মিছিলে হামলা, কলেজছাত্রকে কুপিয়ে হত্যা।
- আপডেট সময় : ০৭:১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ১১২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, ঝালকাঠি:: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী সদস্যের (মেম্বর) আনন্দ মিছিলে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আমুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন বাগেরহাট পিসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বিজয় মিছিলকে কেন্দ্র করে নবনির্বাচিত ইউপি সদস্য মুজিবুর রহমানের সমর্থকরা একই ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী ফারুক হোসেনের সমর্থক আরিফকে দা দিয়ে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা আরিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠালে সেখানে পৌছানোর আগেই মৃত্যুবরণ করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় সাংবাদিকদের জানান, কলেজছাত্রের লাশ আজ বুধবার (২৩ জুন) সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘটনায় একটি মামলার প্রস্তুতির পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার তৎপরতা চালাচ্ছে পুলিশ।


























