বানারীপাড়ায় ধান সংগ্রহে অসহায় কৃষকের পাশে এসইএসডিপি মডেল স্কুলের ২নং টিম
- আপডেট সময় : ০৪:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১১৫ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/
বানারীপাড়ায় করোনা পরিস্থিতিতে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ২য় দিনের মতো স্বেচ্ছাশ্রমে বোরো ধান সংগ্রহ করে দিয়েছে। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সৈয়দকাঠি(পূর্ব) গ্রামের উপকারভোগী কৃষক নূর আলমের ১৫০ শতক জমির ধান সংগ্রহ করে দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র মিস্ত্রী ও রেজাউল কবিরের নেতৃত্বে ২নং টিমে জনবল ছিলো মোট ২৫ জন।
উল্লেখ্য, সারাদেশে মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে লকডাউন পরিস্থিতিতে শ্রমিক সঙ্কটে দিশেহারা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে বোরো ধান সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি। তাদের আহ্বানে সারা দিয়ে গত ২৯ এপ্রিল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার মলয়ের নেতৃত্বে ১ নং টিমের মোট ১৫ জন জনবল স্বেচ্ছাশ্রমে বিদ্যালয় সংলগ্ন হুমায়ুন মৃধার ১০০ শতক জমির ধান সংগ্রহ করে দিয়েছিল।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার মলয় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা অসহায় কৃষকের পাশে থেকে ধান সংগ্রহে সহযোগিতা করার জন্য কয়েকটি টিম গঠন করে দিয়েছি। সে অনুযায়ী প্রতিটি টিম কাজ করে যাবে।






















