গত২৪ ঘণ্টায় আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে আরও পাঁচজন মারা গেছেন।
- আপডেট সময় : ০৯:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। আক্রান্তদের মধ্যে আরও পাঁচজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১৬৪ জন। মারা গেছেন ১৭ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

























