ত্রাণের জন্য ডেকে জনসমাগম করে ছবি তুলে ত্রাণ দেয়নি ওয়ালটন। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৩৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০ ২৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
লালমনিরহাটে করোনা ভাইরাসের কারণে বেকার হওয়া মানুষজনকে ত্রাণের জন্য ডেকে জনসমাগম করে ছবি তুললেও ত্রাণ দেয়নি বাংলাদেশী মাল্টিন্যাশনাল কোম্পানি ওয়ালটন।
সোমবার (৩০ মার্চ) জেলার হাতীবান্ধা উপজেলার মেডিক্যাল মোড় এলাকায় ওয়ালটন শোরুমের সামনে ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকজন এমন অভিযোগ করেন।
ত্রাণের জন্য অপেক্ষায় থাকা শাহিদা বেগম ও রহিজা বেগম বলেন, ওয়ালটনের হাতীবান্ধা মেডিক্যাল মোড়স্থ শোরুমে সোমবার সকালে ত্রাণ বিতরণ করা হবে এমন একটি খবর দেয়া হয় তাদের। সোমবার সকালে তারা বিভিন্ন এলাকা থেকে শোরুমের সামনে ভীর করেন। কিছুক্ষন পর ওয়ালটনের কর্মকর্তা-কর্মচারীরা ৫০টি মত ত্রাণের প্যাকেট শোরুমে নিয়ে আসেন। এ সময় লোকজনকে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে যেতে বলেন। লোকজন সারিবদ্ধ হয়ে দাড়িয়ে গেলে ওয়ালটনের কর্মকর্তা-কর্মচারীরা ছবি তুলেন ও ভিডিও করেন।
পরে, ত্রাণ বিতরণ না করে তারা শোরুম বন্ধ করে চলে যায়। কিন্তু ত্রাণের জন্য আসা লোকজন সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন না খেয়ে অপেক্ষা করেও ত্রাণ না পেয়ে বাড়ি ফিরে গেছেন।
ওয়ালটনের হাতীবান্ধা শোরুমের ম্যানেজার আশীষ রায় বলেন, আমরা গ্রামে গ্রামে গিয়ে আমাদের কাজ কর্ম করেন এমন ৫০ জন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করেছি। শোরুমের সামনে কেন এত মানুষ সমাগত হলো তা আমিও জানি না।


























