গলাচিপায় গভীর রাতে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক সাবেক ইউপি সদস্য
গলাচিপায় গভীর রাতে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক সাবেক ইউপি সদস্য
- আপডেট সময় : ০৮:০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

গলাচিপা প্রতিনিধি : গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মনির মীর। পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রাম থেকে তাঁকে আটক করেন স্থানীয় জনতা।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে মজিবুল হক খলিফা বাড়ির সামনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক মনির মীর গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোলখালী গ্রামের বাসিন্দা আ. কাদের মীরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের কয়েকজন জেলে মজিবুল হক খলিফা বাড়ির সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা চিৎকার শুরু করেন, যার ফলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। পরে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন এবং দেখতে পান যে সাবেক ইউপি সদস্য মনির মীর ওই চুরির সঙ্গে জড়িত।
তাঁকে তৎক্ষণাৎ ঘটনাস্থলের কাছাকাছি পূর্ব দক্ষিণ নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখা হয় এবং শুক্রবার সকালে পুলিশে হস্তান্তর করা হয়।
পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয় জনতা মনির মীরকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বর্তমানে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। একের পর এক এসব চুরির ঘটনায় নিয়মিত বিদ্যুৎহীন হয়ে পড়ছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
ট্রান্সফরমার চুরির কারণে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটানোর চরম দুর্ভোগের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। উত্তর পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিল্টন বলেন, দেড় মাস আগে ‘নতুনগ্রাম’ এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই এলাকার প্রায় ২৫টি পরিবার এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন ছিল। নতুন ট্রান্সফরমার স্থাপন না হওয়া পর্যন্ত এসব পরিবারকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া বলেন, গত দুই মাসে ওই এলাকায় চার থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের অপরাধের কারণে এলাকাবাসী চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জয় প্রকাশ নন্দী জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। গত এক বছরে প্রায় ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় কেউ বাদী না হলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, ট্রান্সফরমার চুরির এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।





















