আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৩:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

পাবনার সদর উপজেলার আতাইকুলা হাটে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাটের ভেতরে একটি কার্যালয়ে ঢুকে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহতদের একজন হাটের ইজারাদার ও শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলেন। অপরজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া গ্রামের মো. আবদুস সালাম (৪৫) এবং ধর্মগ্রামের মো. রিপন (৪০)।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, ঘটনার সময় সালাম ও রিপন হাটের ভেতরে সালামের কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন সশস্ত্র ব্যক্তি সেখানে ঢুকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে দুজন গুরুতর আহত হন।
পরে তাঁদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
পরিদর্শক প্রদীপ কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’
স্থানীয়দের ভাষ্য, আতাইকুলা হাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে এই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।’

























