বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন,চিন্তরঞ্জন পাহান -চেয়ারম্যান
- আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি:
বিশ্ব মা দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মা পৃথিবীর সবচেয়ে আপন, নিরাপদ ও নিঃস্বার্থ আশ্রয়ের নাম। মায়ের ভালোবাসা, স্নেহ ও ত্যাগের তুলনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না।
তিনি বলেন, প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মা দিবস। এই দিনটি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ। তবে শুধু একটি দিন নয়, প্রতিটি মুহূর্তেই মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা সন্তানের দায়িত্ব।
চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান আরও বলেন, একজন মা নিজের সুখ-শান্তি, আরাম-আয়েশ বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করে তোলেন। জীবনের নানা প্রতিকূলতা ও সংগ্রাম অতিক্রম করে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেন। অথচ বর্তমান সমাজে কিছু অকৃতজ্ঞ সন্তান বৃদ্ধ বয়সে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি ইসলাম ধর্মে মায়ের মর্যাদার কথা উল্লেখ করে বলেন, ইসলামে মায়ের স্থান অত্যন্ত সম্মানের। মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা দিলে জান্নাত লাভ সহজ হয়। অন্যদিকে মায়ের মনে কষ্ট দিলে তার পরিণতি সুখকর হয় না।
তিনি আরও বলেন, মা শুধু জন্মদাত্রী নন, তিনি সন্তানের প্রথম শিক্ষক, পথপ্রদর্শক ও সবচেয়ে বড় বন্ধু। মাতৃভাষা, মমতা, নিরাপত্তা ও ভালোবাসার সঙ্গে মায়ের সম্পর্ক অবিচ্ছেদ্য।
বিশ্ব মা দিবসের ইতিহাস তুলে ধরে তিনি জানান, প্রাচীন গ্রিস থেকে মা দিবস পালনের ধারণার সূচনা হলেও আধুনিকভাবে ১৯১১ সালে আমেরিকায় “মাদারিং সানডে” উদযাপনের মাধ্যমে দিবসটি জনপ্রিয়তা পায়। পরে ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে মা দিবস পালনের প্রচলন ছড়িয়ে পড়ে।
সবশেষে তিনি পৃথিবীর সকল মায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ কামনা করে বলেন, “মা তোমার তুলনা শুধুই তুমি।”

























