নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস
নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস
- আপডেট সময় : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

নিজের শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট শিল্পউদ্যোক্তা ও শিক্ষানুরাগী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
প্রতিষ্ঠানটির সঙ্গে নিজের আবেগ, ভালোবাসা ও দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার উন্নয়নে কাজ করতে পারা তাঁর জন্য আনন্দের ও গর্বের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হোসেন তাপস জানান, এ প্রতিষ্ঠানে তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বছর কেটেছে। এখান থেকেই তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে স্কুল অ্যান্ড কলেজে রূপ নেয়। দীর্ঘদিন গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের সুযোগকেও তিনি নিজের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সম্মিলিত উদ্যোগ, শিক্ষকদের আন্তরিকতা ও সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও সাফল্যে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগমসহ স্কুল ও কলেজ শাখার শিক্ষক, প্রভাষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
























