ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর
ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর
- আপডেট সময় : ০৮:৪৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চাচাকে জিম্মি করে রাখার অভিযোগ। তাঁকে উদ্ধারে এগিয়ে যান দুই ভাতিজা। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হলো না। চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় দুই তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। রংপুরের তারাগঞ্জে রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
বাসের যাত্রী আতিক ইসলামের ভাষ্য, কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী বাসটিতে তাঁর কাছে টাকা থাকায় তাঁকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন মুকুল ও শাকিব। তখন তাঁদের চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়।
আতিক জানান, পরে তাঁর চিৎকার শুনে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয়দের খবর দেন। স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাঁকেও ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। তাঁকে বাঁচাতে গেলে মুকুল ও শাকিবকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে উদ্ধারকর্মীরা জিগাতলা এলাকায় পৌঁছান। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন তাঁরা। একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা তাপস রায় জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় পান। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।























