ঝালকাঠিতে যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমে কাজ করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা
ঝালকাঠিতে যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমে কাজ করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা
- আপডেট সময় : ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি শহরের তীব্র যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নির্দেশনায় প্রতিদিন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের মিতু সিনেমা হলসংলগ্ন চৌরাস্তায় স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমীন বিরনের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। এ সময় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট কমাতে কাজ করেন নেতাকর্মীরা। তাদের কার্যক্রমের ফলে ওই এলাকায় যানজট কিছুটা কমে আসে।
এ বিষয়ে আল আমীন বিরন বলেন, এর আগে অবৈধ অটোরিকশা ও রাস্তার পাশে রাখা ভ্যান অপসারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন। সে সময় পৌরসভার পক্ষ থেকে একদিন অভিযান পরিচালনা করা হলেও পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়। ফলে এসব যানবাহনের কারণে প্রতিদিনই শহরে যানজট সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে প্রায়ই দুর্ঘটনাও ঘটছে।
তিনি আরও বলেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নির্দেশনায় তারা সকাল থেকে যানজট নিরসনে কাজ শুরু করেছেন। প্রতিদিনই এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন তিনি।
এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে, প্রতিদিন এভাবে সড়কে শৃঙ্খলা বজায় রাখা গেলে শহরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, শহরের তীব্র যানজটের কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। জনগণের এই দুর্ভোগের কথা বিবেচনা করেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতিদিন স্বেচ্ছাশ্রমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের চলাচলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।




















