দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা
দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা
- আপডেট সময় : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ পন্থায় সার মজুতের অভিযোগে ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে গোডাউনটি সিলগালা করা হয়েছে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন উপজেলার বিএডিসির সার ডিলার ‘নাঈম অটোমোবাইল ও বীজ ভাণ্ডার’-এর একটি গোডাউনে। অভিযানের সময় সারের দোকানের কর্মচারীরা মজুত করা সারের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।ফলে সেখান থেকে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে গোডাউনটি সিলগালা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অমান্য করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। জব্দ করা সার অবৈধভাবে মজুতের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের হয়েছে।
























