বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের উচ্ছ্বাস, ঐতিহ্য ফেরাতে মাঠে ৮ দল
বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের উচ্ছ্বাস, ঐতিহ্য ফেরাতে মাঠে ৮ দল
- আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলা হাডুডুকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরের বিরামপুরে বসেছে প্রাণের খেলার জমজমাট আসর। ঢোল-উল্লাস আর দর্শকদের করতালিতে মুখর হয়ে উঠেছে খেলার মাঠ। ঐতিহ্যের টানে প্রতিযোগিতায় অংশ নিতে মাঠে নেমেছে আটটি দল। সব মিলিয়ে হাডুডু টুর্নামেন্টকে ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।মঙ্গলবার (৩ নভেম্বর) বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামে কেন্দুয়া যুব সমাজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় হাডুডু টুর্নামেন্ট-২০২৬। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। তিনি ফিতা কেটে টুর্নামেন্টের শুভ সূচনা করেন। উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় প্রথম রাউন্ডের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হরিল্যাকুর ও গরিবপাড়া দল। দুই দলের খেলোয়াড়দের কৌশল, ক্ষিপ্রতা ও পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আশরাফ আল মূতি (সায়েম), ইব্রাহীম বাবু, জীবন চৌধুরী শাহিন, তাজুল ইসলাম অমি, এ কে এম মামুনুর রশিদ (লিটন), জিয়া সাইবার ফোর্স বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হাসান (জিমি), ৪ নং দিওড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু এবং ৪ নং দিওড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আটটি দল চারটি ম্যাচে অংশগ্রহণ করছে। ম্যাচগুলো হলো— হরিল্যাকুর বনাম গরিবপাড়া, নয়াপাড়া বনাম মালিপাড়া, হরিল্যাকুর বনাম খুদাইপুর এবং কেন্দুয়া বনাম শ্রীপুর।খেলার মাঠে খেলোয়াড়দের শ্বাসরুদ্ধকর লড়াই আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। শিশু-কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ। অনেকের কাছে এ আয়োজন যেন ফিরিয়ে এনেছে শৈশবের স্মৃতি, গ্রামবাংলার সেই চিরচেনা খেলাধুলার দিনগুলো।আয়োজকরা জানান, এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য কেবল জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়; বরং হারিয়ে যেতে বসা গ্রামীণ ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা, নতুন প্রজন্মের কাছে হাডুডু খেলাকে পরিচিত করা এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। পাশাপাশি তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকলে হাডুডুর হারানো জনপ্রিয়তা আবারও ফিরে আসবে। মাঠে মাঠে ছড়িয়ে পড়বে দেশীয় খেলাধুলার চর্চা, তৈরি হবে নতুন খেলোয়াড় এবং প্রাণ ফিরে পাবে গ্রামবাংলার সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতি।আয়োজনে: কেন্দুয়া যুব সমাজ, বিরামপুর, দিনাজপুর।






















