দর্শনায় চাঁদাবাজির অভিযোগে ছেলের নাম জড়ানোয় সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি
দর্শনায় চাঁদাবাজির অভিযোগে ছেলের নাম জড়ানোয় সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি
- আপডেট সময় : ০৬:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় যুবদল নেতা রকিবুল ইসলাম ব্রাইটের নামে ওয়ার্ড আওয়ামীলীগ নেতার কতৃক চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে তার পরিবারের পক্ষ থেকে পিতা বিএনপি নেতা মোঃ আঃ কুদ্দুস সংবাদ সম্মেলন করে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, রফিকুল ইসলামকে চাঁদাবাজির সঙ্গে জড়িত করে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তার দলীয় পদ ও রাজনৈতিক পরিচয়ও বারবার উল্লেখ করা হয়েছে। তবে তার রাজনৈতিক পরিচয় কোনো কোনো সংবাদে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলেও অভিযোগ করা হয়।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রকিবুল ইসলাম একজন ঠিকাদার ব্যবসায়ী ও যুবদলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সঙ্গে তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি তিনি সবসময় দর্শনায় অবস্থান করেন না; ঠিকাদারি কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করতে হয়। ফলে তাকে ‘ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে’ বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কথিত চাঁদাবাজির ঘটনায় দর্শনা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সিএনএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ এবং কারা চাঁদাবাজদের উসকানি দিয়েছে—এসব বিষয় তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।
পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, প্রকাশনা ও সংবাদমাধ্যমের প্রতি সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন সংবাদে রকিবুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের পাশাপাশি তার দলীয় পদ ও পরিচয় বারবার তুলে ধরা হলেও মামলা কারী রফিকুল ইসলামের রাজনৈতিক পরিচয়ের তথ্য উল্লেখ করা হয়নি।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, কোনো পক্ষপাত না করে প্রকৃত ঘটনা ও সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা হোক। একই সঙ্গে রফিকুল ইসলামের রাজনৈতিক পরিচয়ও সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে পরিবারের পক্ষ থেকে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
























