ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোসাঃ তুলি (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে রাজাপুর সরকারি কলেজ এবং রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাঝামাঝি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশু মোসাঃ তুলি রাজাপুর উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই রাজাপুর এলাকায় অঝোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই শিশুটি মহাসড়কে কোনো একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে থাকে। পথচারীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং সকাল ১০টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার মাথাসহ মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় ।
ঘটনার সময় শিশুটির কোনো পরিচয় বা পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে রাজাপুর থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। পরবর্তীতে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে শিশুটির মা রেহেনা বেগম লোকমুখে মেয়ের আহতের খবর পেয়ে হাসপাতালে পৌঁছান। এরপর তিনি সন্তানকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায় । বরিশালের চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশু তুলি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানা কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

























