নলছিটিতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২, আদালতে সোপর্দ
- আপডেট সময় : ০১:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) রাত ১টা ৩৫ মিনিটে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের কর্মী ও দলের অর্থদাতা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—তিমিরকাঠী এলাকার রুস্তুম আলী হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার (৪২) এবং বরিশাল নগরীর গ্যাসটারবাইন এলাকার গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন ২০২৬ তারিখে নলছিটি থানায় মামলাটি দায়ের করা হয় (মামলা নং-০৮, জিআর-১০০/২০২৬)। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা এই মামলায় তাদের আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ জুন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নলছিটির দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ সেতুর দক্ষিণ পাশে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে ঝালকাঠি সীমানা পর্যন্ত অগ্রসর হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই দুইজনের সম্পৃক্ততা নিশ্চিত করে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী এবং দলের অর্থদাতা। মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের শনাক্তকরণ এবং রাষ্ট্রবিরোধী যেকোনো ধরনের নাশকতা রোধে তাদের জেলহাজতে আটক রাখা প্রয়োজন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের আইন অনুযায়ী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

























